উত্তরদিনাজপুর

তৃণমূলকে উত্তাল পেটাল কংগ্রেস

যখন নির্বাচন কমিশন সব জেলার এস.পি ও ডি.এম দের নির্দেশ দিচ্ছেন সকলের জন্য নির্বিঘ্ন প্রচারের ব্যবস্থা সুনিশ্চিত করার, ঠিক সেই সময় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে বেড়িয়ে রক্তস্নাত হলেন তৃণমুল কর্মীরা। তৃণমুল কর্মীদের ওপর বর্বরোচিত এই হামলার ঘটনায় অভিযোগ উঠলো কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে গোবিন্দপুর এলাকায়। 

     জানা গেছে জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায় দলীয় গ্রাম পঞ্চায়েত প্রার্থী জিয়াতুল হকের হয়ে বাড়ি বাড়ি প্রচার করছিলেন বেশ কিছু তৃণমুল কর্মী। অভিযোগ স্থানীয় কংগ্রেস প্রার্থী আমেরুল হকের অনুগামীরা অস্ত্র নিয়ে তৃণমুল কংগ্রেস কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায়। ঘটনায় গুরুতর আহত হন মহম্মদ মন্টু ও মহম্মদ সাগর নামে দুই তৃণমূল কর্মী। খবর দেওয়া হয় পুলিশকে। অভিযোগ পুলিশ দেরী করে আসে। স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে তৃণমুল কর্মীদের উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রায়গঞ্জ থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। যদিও তৃণমূলের অভিযোগের বিষয়ে মুখ খুলতে চাননি স্থানীয় কংগ্রেস নেতৃত্ব।

    এই ঘটনায় তৃণমূল কর্মীদের অভিযোগ, তারা এদিন নির্বাচনের প্রচার করছিলেন। সেই মতো এদিন তারা গোবিন্দপুর এলাকায় যায়। কিন্তু সেখানে যাওয়ার পথে বাধা দেয় দাঁড়ায় বেশ কয়েকজন কংগ্রেস কর্মী। সেই সময় হঠাৎ করে তাদের উপর ধারাল অস্ত্র সহ লোহার রড নিয়ে হামলা চালায়।